আরো ২ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি

২ আগষ্ট, ২০২৩ ০১:২৫  

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে আরো ২ নতুন সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফলে এই শিক্ষাবর্ষ থেকেই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে প্রস্তাবিত অনুষদ, বিভাগ ও জনবল নিয়োগ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (১ আগস্ট) ইউজিসিতে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু নঈম শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর-এর উপাচার্য প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমানসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে গণিত, পদার্থ, রসায়ন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং প্রয়োজনীয় জনবল অনুমোদন দেওয়া হয়।

দেশে বর্তমানে ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫১টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এরমধ্যে ২০টি ছিলো সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বাদ্যালয়। এবার এই সংখ্যা ২২টিতে উন্নতি হচ্ছে।